জাতীয়

ইন্টারনেট হবে আরও সস্তা? বাংলালিংককে দাম কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  Daily Top Alap News ২৯ জুন ২০২৬ , ১২:০৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দিতে কম দামে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (২৯ জুন ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য করা, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বলেন। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যাতে ডিজিটাল প্রযুক্তির সুবিধা সমানভাবে ভোগ করতে পারে, সে জন্য ইন্টারনেট ও স্মার্টফোনকে আরও সহজলভ্য করা প্রয়োজন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক