মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ডেইলি টপ আলাপ ২৩ মে ২০২৬ , ৯:৫৬ এএমপ্রিন্ট সংস্করণঃ
মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিরাপত্তা জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন। সংস্থাটি অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৫-এর আওতায় ‘চাইল্ড প্রোটেকশন কোড’ এবং ‘রিস্ক রিডাকশন কোড’ চালু করেছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
এক বিবৃতিতে এমসিএমসি জানায়, এই দুটি কোডের লক্ষ্য হলো শিশু ও পরিবারের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া।
সংস্থাটি বলেছে, নতুন এই উদ্যোগ অনলাইনে শিশুদের সুরক্ষা আরও শক্তিশালী করবে এবং জটিল ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় অভিভাবকদের আস্থা বাড়াবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আরও বেশি দায়িত্ব আরোপ করা হবে।
চাইল্ড প্রোটেকশন কোডের আওতায় শিশুদের বয়স উপযোগী ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য প্ল্যাটফর্মগুলোকে ‘সেফটি বাই ডিজাইন’ নীতি অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট খোলা ও মালিকানায় সীমাবদ্ধতা আরোপ।