অর্থনীতি

ব্যাংক হলিডে বুধবার, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন ও শেয়ারবাজার

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ৩:২৩ পিএম প্রিন্ট সংস্করণঃ

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহকদের জন্য সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।

এ কারণে বুধবার ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। পাশাপাশি চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, আন্তঃব্যাংক লেনদেনসহ গ্রাহকসংশ্লিষ্ট সব ধরনের সেবা বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করাই ব্যাংক হলিডের মূল উদ্দেশ্য। যাতে কর্মকর্তারা নির্বিঘ্নে এ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন, সেজন্য এদিন গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ রাখা হয়।

 

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক