আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সহযোগিতা জোরদারে যৌথ উদ্যোগ, দ্রুত বসবে যৌথ ওয়ার্কিং গ্রুপ

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ৭:৪৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (TCP)-এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় টিসিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাফেও বশীর শাহ এবং বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসায়িক (বিজনেস-টু-বিজনেস) সম্পর্ক আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্য সহযোগিতা বাড়ানো, নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা এবং বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপের (Joint Working Group on Trade) বৈঠক দ্রুত আয়োজনের বিষয়ে একমত হয়।

এ সময় টিসিপির চেয়ারম্যান বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে আগ্রহ দেখানোর জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ ছাড়া, টিসিপির চেয়ারম্যান ও সিইও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (TCB)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, পিএসসি-এর সঙ্গেও পৃথক বৈঠক করেন। ওই বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকগুলো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক