ডেইলি টপ আলাপ ডেস্ক ২৯ জুন ২০২৬ , ৯:৩৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর কাঠামো সহজ করা, ব্যবসা-বাণিজ্যে গতি আনা এবং সাধারণ মানুষের ওপর করের চাপ কমাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী বলেন, বিতর্কিত কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণভাবে প্রত্যাহার করা উচিত। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির নামজারির ক্ষেত্রে টিআইএন (TIN) সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দেন।
তিনি আরও প্রস্তাব করেন, সাধারণ মানুষের করের বোঝা কমাতে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হোক।
উচ্চশিক্ষা খাতে স্বস্তি আনতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করতে ফেসবুক, ওটিটি প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনে প্রচারিত ডিজিটাল বিজ্ঞাপনের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেন।
এছাড়া দেশীয় শিল্প ও উৎপাদন খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও ভ্যাট কমানো বা প্রত্যাহার এবং দেশীয় উৎপাদনে আরোপিত ভ্যাট-শুল্ক হ্রাসের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এসব জনবান্ধব প্রস্তাব বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের ওপর করের চাপ কমবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











