Daly Top Alap News ১৬ জুন ২০২৬ , ১০:২৯ এএম প্রিন্ট সংস্করণঃ
অবশেষে স্বপ্নপূরণের পথে মধুপুর: গাজীপুর থেকে নান্দাইল পর্যন্ত রেললাইন নির্মাণের ঘোষণা

টাঙ্গাইলের মধুপুরবাসীর বহু বছরের লালিত স্বপ্ন ছিল একটি রেললাইন। যুগের পর যুগ ধরে চলে আসা সেই প্রাণের দাবিকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। মধুপুরে রেললাইন নির্মাণের প্রস্তাবনা ঘোষণা করেছেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব জাকির সরকার। এ ঘোষণার পর পুরো মধুপুরজুড়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ঘোষণাকালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, রেললাইনটি গাজীপুর থেকে শুরু হয়ে গারোবাজার, মোটেরবাজার, কাকরাইদ, অরণখোলা ও শোলাকুড়ি হয়ে ময়মনসিংহের নান্দাইলে গিয়ে যুক্ত হবে। বাস্তবায়িত হলে এই রেলপথ শুধু মধুপুরের যোগাযোগ ব্যবস্থাকেই আধুনিক করবে না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে মধুপুরের মানুষ রেল সংযোগের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করে আসছিলেন। অবশেষে সেই দাবির পক্ষে এমন একটি ঘোষণা স্থানীয়দের মাঝে আশার আলো জাগিয়েছে। এখন তাদের একটাই প্রত্যাশা—ঘোষণার পর দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে এবং বাস্তবে রূপ নেবে বহু প্রতীক্ষিত এই প্রকল্প।
এলাকাবাসীর ভাষ্য, মধুপুরে রেললাইন নির্মিত হলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসার প্রসার, পর্যটন শিল্পের বিকাশ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। ফলে মধুপুরের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মধুপুরবাসী এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে উদ্যোগ গ্রহণকারী জনাব জাকির সরকার, সংশ্লিষ্ট প্রশাসন এবং মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন-এর প্রতি ধন্যবাদ জানিয়ে তারা বলেছেন, “আমরা আর আশাহত হতে চাই না। এবার যেন সত্যিই আমাদের স্বপ্নের রেললাইন বাস্তবায়িত হয়।”
মধুপুরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণের পথে এই ঘোষণা কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো মধুপুরবাসী।
টাঙ্গাইল (মধুপুর) প্রতিনিধি:
ডিটিএ / নিউজ ডেস্ক





