ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ২:১৫ পিএম প্রিন্ট সংস্করণঃ
ব্রাজিল জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে— এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্তে। তবে সেই পূর্বাভাস ভুল প্রমাণিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খোঁচা দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার।
জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল পরের পর্বে ওঠার পর এক্সে (সাবেক টুইটার) নেইমার লেখেন, “জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।”
একই দিনে ক্লেমেন্তের আরেকটি ভবিষ্যদ্বাণীও ভুল প্রমাণিত হয়। তিনি নেদারল্যান্ডসকে এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিলেন। কিন্তু মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডাচরা। এরপর নেইমার আরেকটি পোস্টে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “আবারও ভুল।”
জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার মাঠে নামেননি। ম্যাচ শেষে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা করেছিলেন। তবে কাসেমিরোর সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ের কথা বিবেচনা করে তাকে বেঞ্চেই রাখা হয়।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল।
উল্লেখ্য, জোয়াকিম ক্লেমেন্তে একটি গাণিতিক মডেলের মাধ্যমে বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল পূর্বাভাস দিয়ে থাকেন। অতীতে তার একাধিক পূর্বাভাস সঠিক হওয়ায় তিনি আলোচনায় এলেও এবার ব্রাজিল ও নেদারল্যান্ডসকে নিয়ে করা দুটি গুরুত্বপূর্ণ পূর্বাভাসই ভুল প্রমাণিত হয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক





