অভিযোগ

সাইবার অপরাধে আতঙ্ক নয়, সরাসরি সিআইডির সহায়তা নিন

  ডেইলি টপ আলাপ নিউজ ২৫ মে ২০২৬ , ২:৩১ এএম প্রিন্ট সংস্করণঃ

সাইবার অপরাধে আতঙ্ক নয়, সরাসরি সিআইডির সহায়তা নেওয়ার আহ্বান

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক প্রতারণা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করে অপপ্রচার, ফেসবুক আইডি হ্যাক, বিকাশ বা নগদে প্রতারণা, অনলাইন ব্ল্যাকমেইল, ভুয়া চাকরির অফার, মেসেঞ্জারে পরিচয় গোপন করে প্রতারণা, বিদেশি লটারির প্রলোভন কিংবা “OTP দিন—অ্যাকাউন্ট সুরক্ষিত করুন” ধরনের নানা ফাঁদে প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এমন পরিস্থিতিতে দেরি না করে সরাসরি Criminal Investigation Department (CID) এর সাইবার শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সাইবার সংক্রান্ত সহায়তার একমাত্র হটলাইন নম্বর হলো 01320010148।

সংশ্লিষ্টরা জানান, অনেক মানুষ সমস্যায় পড়ার পর প্রকৃত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না গিয়ে ফেসবুকের তথাকথিত “আইটি এক্সপার্ট”, “রিকভারি মাস্টার” কিংবা ইনবক্সে সাহায্যের প্রস্তাব দেওয়া অচেনা ব্যক্তিদের বিশ্বাস করেন। আর সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় দফার প্রতারণা।

প্রতারকেরা নিজেদের আন্তর্জাতিক সাইবার বিশেষজ্ঞ, এফবিআইয়ের সহযোগী, ভুয়া সিআইডি, পুলিশ বা ম্যাজিস্ট্রেট পরিচয়ে মানুষের আতঙ্ককে কাজে লাগিয়ে OTP, ইমেইল পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি-ভিডিও, ব্যাংক তথ্য ও টাকা হাতিয়ে নেয়। এমনকি অনেককে রিমোট অ্যাপ ইনস্টল করাতেও বাধ্য করা হয়।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত তদন্তকারী সংস্থা কখনো ইনবক্সে গোপনে টাকা দাবি করে না, ব্যক্তিগত পাসওয়ার্ড চায় না কিংবা “আগে টাকা দিন, পরে উদ্ধার” ধরনের কোনো প্রস্তাব দেয় না।

এ বিষয়ে শামীম আনোয়ার, বিসিএস (পুলিশ), এডিশনাল স্পেশাল এসপি (সিআইডি) বলেন, অনেক ভুক্তভোগী লজ্জা বা সামাজিক ভয়ের কারণে ঘটনা গোপন রাখেন। কিন্তু এই নীরবতাই প্রতারকদের আরও শক্তিশালী করে তোলে। অভিযোগ না করলে একই প্রতারক পরবর্তীতে আরও অনেককে ক্ষতির মুখে ফেলতে পারে।

তিনি সবাইকে ভুয়া অনলাইন “হেল্পার” বা ইনবক্সে ঘুরে বেড়ানো প্রতারকদের এড়িয়ে সরাসরি সিআইডির সাইবার শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

তথ্যসূত্র: রাকিব উদ্দিন,সিআইডি।

বিশেষ প্রতিবেদন :
ডেইলি টপ আলাপ নিউজ