Daly Top Alap ১৬ জুন ২০২৬ , ৪:২২ পিএম প্রিন্ট সংস্করণঃ
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ তথ্য জানায়। এতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত না থাকলে সেটির রেজিস্ট্রেশন প্রদান বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না। বিষয়টি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বিআরটিএ সংশ্লিষ্ট সব গণপরিবহন মালিক ও অপারেটরদের সহযোগিতা কামনা করেছে।
জিপিএস হলো একটি স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন প্রযুক্তি; যা মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো বস্তুর বা ব্যক্তির নিখুঁত ভৌগোলিক অবস্থান, গতি, দিক এবং সময় নির্ধারণ করতে কাজ করে।
ডিটিএ / নিউজ ডেস্ক











