Daily Top Alap News ২৯ জুন ২০২৬ , ৮:৩৫ এএম প্রিন্ট সংস্করণঃ
বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী সীমান্ত এলাকায় এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এবং মেঘালয় অঞ্চলে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।
ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি বাংলাদেশ সময় ভোর ৪টা ১২ মিনিটে ভারতের মণিপুরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।
এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৭ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্তবর্তী এলাকায়। এটির মাত্রা ছিল ৩ এবং উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে।
সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মেঘালয় রাজ্যে, বাংলাদেশের সুনামগঞ্জ সীমান্তের উত্তরের এলাকায় তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং উপকেন্দ্র ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এর আগে রোববার (২৮ জুন) রাতেও কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
এছাড়া দেশে সর্বশেষ গত ২২ জুন রাত ৯টা ২৮ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্প ঢাকা ও আশপাশের এলাকায় অনুভূত হয়েছিল।
এখন পর্যন্ত সোমবার ভোরের তিনটি ভূমিকম্পে বাংলাদেশ বা ভারতের কোনো এলাকায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্বল্প সময়ের ব্যবধানে সীমান্তবর্তী এলাকায় একাধিক ভূমিকম্পের ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











