অভিযোগ

‘তুই মরলেও ছুটি নাই’— সুপারভাইজারের এমন কথার পরই রাতের ডিউটিতে মৃত্যু, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

  Daly Top Alap News ২৭ জুন ২০২৬ , ৮:০৯ এএম প্রিন্ট সংস্করণঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কো লিমিটেড কারখানার নারী শ্রমিক লিজা আক্তার (৩৭)–এর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহকর্মীরা। তাদের দাবি, অসুস্থ হয়ে পড়ায় লিজা ছুটি চাইলে সুপারভাইজার তাকে “তুই মরলেও ছুটি নাই” বলে কাজে থাকার নির্দেশ দেন। সহকর্মীরা এ তথ্য গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, ওই কথার পরও লিজা রাতের শিফটে কাজ চালিয়ে যান। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শত শত শ্রমিক কারখানার সামনে বিক্ষোভে নামেন। তারা সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং নিহত শ্রমিকের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।

শ্রমিকদের অভিযোগ, অসুস্থ কর্মীদের ছুটি না দেওয়া, অতিরিক্ত কাজের চাপ এবং অমানবিক আচরণের ঘটনা নতুন নয়। তারা বলেন, লিজা আক্তারের মৃত্যু সেই সমস্যারই একটি মর্মান্তিক পরিণতি।

অন্যদিকে, শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

গাজীপুর, প্রতিনিধি:

ডিটিএ / নিউজ ডেস্ক