আন্তর্জাতিক

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চালু হলো জাতীয় বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (BDS) পোর্টাল

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ১১:৩৫ এএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতের উদ্যোক্তাদের জন্য নতুন ডিজিটাল সেবা হিসেবে জাতীয় বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (BDS) পোর্টাল উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক MSME দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার বিডা (BIDA) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে এ পোর্টাল উদ্বোধন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), এসএমই ফাউন্ডেশন এবং শিল্প মন্ত্রণালয়।

নতুন এই পোর্টালের মাধ্যমে দেশের এমএসএমই উদ্যোক্তারা সহজেই নির্ভরযোগ্য ব্যবসায়িক পরামর্শ, প্রশিক্ষণ, মেন্টরশিপ, অর্থায়নের সুযোগ এবং বাজারসংক্রান্ত তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।

একই অনুষ্ঠানে ব্যবসার লাইসেন্সিং ও আইনগত আনুগত্য (Compliance) প্রক্রিয়া সহজ করতে তিনটি নতুন গাইডবুকও প্রকাশ করা হয়। গাইডবুকগুলোতে সাধারণ ব্যবসায়িক লাইসেন্স, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের লাইসেন্সিং সংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, দেশের প্রায় ১ কোটি ৭০ লাখ এমএসএমই প্রতিষ্ঠান অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। তিনি এমএসএমইকে “শোভন কর্মসংস্থান, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি” হিসেবে উল্লেখ করে বলেন, উদ্যোক্তাদের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নারী উদ্যোক্তারাও অংশ নেন। বক্তারা এমএসএমই খাতের উন্নয়নে ডিজিটাল সেবা সম্প্রসারণ, ব্যবসা সহজীকরণ এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক