আন্তর্জাতিক

অ্যাকাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশনের মধ্য দিয়ে শেষ হলো সোশ্যাল বিজনেস ডে ২০২৬

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৯ জুন ২০২৬ , ৮:২০ পিএম প্রিন্ট সংস্করণঃ

ঢাকা, ২৯ জুন: অ্যাকাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশনের মধ্য দিয়ে শেষ হয়েছে এ বছরের সোশ্যাল বিজনেস ডে ২০২৬। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল গ্রামীণ ব্যাংকের ৫০ বছর পূর্তি এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভের ২০ বছর উদযাপন।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সামাজিক ব্যবসা: একটি বিভক্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ভাষা’। বাংলাদেশসহ বিশ্বের ৩৭টি দেশ থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ২২০ জন ছিলেন বিভিন্ন দেশের আন্তর্জাতিক অতিথি ও প্রতিনিধি।

সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে পাঁচটি পূর্ণাঙ্গ (প্লেনারি) অধিবেশন, সাতটি বিষয়ভিত্তিক (ব্রেকআউট) অধিবেশন এবং ১৪টি দেশভিত্তিক ফোরাম অনুষ্ঠিত হয়। এর মধ্যে আটটি সরাসরি এবং ছয়টি ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয়।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং তরুণদের ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সামাজিক ব্যবসা একটি শান্তিপূর্ণ, টেকসই ও বৈষম্যহীন বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এবং ইউরোপ-এশিয়া সেন্টারের সভাপতি এরিক সলহেইম, নোবেল শান্তি কেন্দ্রের যোগাযোগ ও বিপণন পরিচালক কিম রেকস্টেন গ্রোনেবার্গ, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ড. ইসমাইল সেরাগেলদিন, কাতার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুরিয়া বি. আহমেদ, জাপানের সাকাই সিটির মেয়র মাসাহিরো হাশিমোতো, ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা কেট রবার্টসন, থাইল্যান্ডের সিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. পর্নচাই মংখনভানিত, মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক দাতো’ ইর ড. মোহদ সালেহ জাফর এবং ইতালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিউসেপে তোরলুচ্চিওসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, ডাচ পোস্টকোড লটারি ফাউন্ডেশন, কার্ড এমআরআই, সেভা ফাউন্ডেশন, অ্যাপেক্স হেলথ, সাসাকাওয়া পিস ফাউন্ডেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড গ্রিফিথ। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, শারমীন এস. মুরশিদ, ফরিদা আখতার, ফারুক-ই-আজম, এ. এফ. এম. খালিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন।

সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ও ঘোষণা দেওয়া হয়। বিশ্বব্যাপী সোশ্যাল বিজনেস ডে উদযাপন আরও সম্প্রসারণের লক্ষ্যে স্যাটেলাইট ফেস্টিভ্যাল উদ্যোগ চালু করা হয়। গ্রামীণ ইউগ্লেনা তাদের নতুন পণ্য উন্মোচন করে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সমাধান তাদের যৌথ ব্র্যান্ডের জি-পে কার্ড চালু করে।

এছাড়া থাইল্যান্ডের সিয়াম বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ইউনূস সেন্টার-এআইটি-এ উইপাওয়ার গ্লোবাল সেক্রেটারিয়েট চালুর ঘোষণা আসে। একই সঙ্গে সুখী প্ল্যাটফর্মের পাঁচ মিলিয়ন ব্যবহারকারী অর্জন উদযাপন করা হয়।

এ ছাড়া ‘সচেতনতা ও পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিল্পের ভাষা’ শীর্ষক নতুন উদ্যোগ এবং উইক ইনকরপোরেটেডকিউশু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক যোগাযোগের জন্য ‘কানেক্টিং কমিউনিটিজ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সোশ্যাল বিজনেস ডে ২০২৬

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক