ডেইলি টপ আলাপ ২৩ মে ২০২৬ , ৯:৪৮ এএমপ্রিন্ট সংস্করণঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে একাধিক নির্দেশনা দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। একইসঙ্গে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ চলাচলের ব্যবস্থাও করা হয়েছে।
শনিবার (২৩ মে) নৌপরিবহণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৪ মে থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা, হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল ও ইলিশা নৌরুটে লঞ্চ চলাচল করবে। সেবা সংক্রান্ত তথ্যের জন্য বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া সদরঘাট থেকে ঈদের আগের পাঁচ দিন সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচদিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহণ নিষিদ্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।