আটক

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য টাঙ্গাইলে গ্রেফতার

  ডেইলি টপ আলাপ নিউজ ৮ জুন ২০২৬ , ৬:৪৯ পিএম প্রিন্ট সংস্করণঃ

সিআইডির অভিযানে টাঙ্গাইলে ধরা পড়ল জুয়ার অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িত চক্র

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে তিন সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা অনলাইন বেটিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সূত্রে জানা যায়, গত ৭ জুন টাঙ্গাইল সদর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) এবং মো. জুয়েল রানা (৩২)।

তদন্তে জানা গেছে, দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইটে অংশগ্রহণকারীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে উৎসাহিত করা হতো। পরে ওই অর্থ অনলাইন জুয়ার কাজে ব্যবহার করা হতো।

সিআইডি জানায়, চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব ব্যবহার করত। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন কেটে রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংকিং চ্যানেল ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।

মামলার তদন্তে ব্যবহৃত একটি এজেন্ট নম্বরের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন বেটিং কার্যক্রমে ব্যবহৃত এজেন্ট সিম, এমএফএস হিসাব এবং আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে অনলাইন জুয়ার সাইটে ব্যবহারের জন্য বিভিন্ন এজেন্ট সিম ও হিসাব সরবরাহ করত বলে জানা গেছে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর একাধিক ধারায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

নিজস্ব প্রতিবেদক:
ডেইলি টপ আলাপ নিউজ