অভিযোগ

আবারও পানির নিচে চন্দ্রা দিঘীরপাড় বটতলা: বৃষ্টির সঙ্গে ডাইং কারখানার পানি ছাড়ার অভিযোগে দুর্ভোগ চরমে

  ডেইলি টপ আলাপ ৯ জুলাই ২০২৬ , ৮:২৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার দিঘীরপাড় বটতলায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পাশাপাশি কয়েকটি শিল্পকারখানা থেকে ডাইংয়ের বর্জ্যপানি ছেড়ে দেওয়ার অভিযোগে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানির সঙ্গে ডাইং কারখানার পানি মিশে এলাকাজুড়ে বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন বসতবাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

ভুক্তভোগীরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যায় পড়তে হলেও এবার ডাইংয়ের পানি ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল হোসেন মারুফ এবং কালিয়াকৈর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা শিল্পকারখানা কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করে ডাইংয়ের বর্জ্যপানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক