ডেইলি টপ আলাপ ১৫ জুলাই ২০২৬ , ১০:৫৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
অভিযোগকারীদের দাবি, ১৯৮৩ সাল থেকে তারা পৈতৃক সূত্রে ক্রয়কৃত ২০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে নিজেদের অর্থায়নে ১৭টি কক্ষবিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করা হয়, যা দীর্ঘদিন ধরে তাদের দখলে ছিল।
তাদের অভিযোগ, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভূমি অফিস থেকে বেআইনিভাবে একটি লিজ গ্রহণ করেন এবং সেই লিজের ভিত্তিতে মার্কেটটি দখলের চেষ্টা শুরু করেন। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে আদালত তাদের পক্ষে নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি করেন বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, আদালতের ওই আদেশ উপেক্ষা করে প্রায় এক মাস আগে পুলিশ সদস্যদের নিয়ে মার্কেটের তালা ভেঙে জোরপূর্বক দখল নেওয়া হয়। এরপর থেকে তারা নিজেদের সম্পত্তিতে প্রবেশ করতে পারছেন না।
এছাড়া, মার্কেট ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি এবং নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
এসব অভিযোগের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং আদালতের আদেশ কার্যকর করে তাদের মার্কেট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন থেকে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ডিটিএ / নিউজ ডেস্ক











