ডেইলি টপ আলাপ নিউজ ১৯ জুন ২০২৬ , ৩:০২ পিএম প্রিন্ট সংস্করণঃ
লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. এস এন নজরুল ইসলাম।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় যাত্রাবাড়ী থানার অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার এবং ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, “সারা বছরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মসূচি থাকে। সামনে আশুরা উপলক্ষে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। একই সঙ্গে ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীও রয়েছে। এসব উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট, টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পুলিশ। তদন্তের একপর্যায়ে ওয়ারী থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানায়, অস্ত্র সরবরাহকারী ছিলেন ওয়ারী বিভাগের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার একটি দল অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী স্বামীবাগের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগীকে আটক করা হয়।
অভিযানে ২টি অত্যাধুনিক পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের ২৭ গ্রাম উপকরণ, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং শামসুন নাহার (৪৫)। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া অস্ত্র কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, “এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রগুলো অস্ত্র শাখায় পাঠিয়ে রেজিস্টার যাচাই করা হবে। এরপরই জানা যাবে সেগুলোর প্রকৃত উৎস কোথায়।”
পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশ একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সেই অবস্থা থেকে বাহিনীকে পুনরায় স্বাভাবিক ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
এদিকে, মোহাম্মদপুরের আলোচিত চাঁদাবাজ ফারুক জামিনে মুক্ত হয়ে পুনরায় চাঁদাবাজিতে জড়ানোর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “পুলিশের দায়িত্ব হলো অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা। জামিন, বিচার ও শাস্তির বিষয়গুলো আদালতের এখতিয়ারভুক্ত।”
ডিটিএ নিউজ ডেস্ক











