সারাদেশ

আটঘরিয়ার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আহত ১

  Daly Top Alap News ১৮ জুন ২০২৬ , ৭:৫৮ পিএম প্রিন্ট সংস্করণঃ

পাবনার র দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে দেবোত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি ব্যাংক এজেন্ট আউটলেটের ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিচে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর পড়ছিল। পানি পড়া বন্ধ করতে শাহাদাৎ ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে আক্তার নামে এক ব্যবসায়ীও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ গ্রাম কদমডেঙায় পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। কদমডেঙা গ্রামে তার বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনায় পুরো দেবোত্তর বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:

ডিটিএ / নিউজ ডেস্ক