ডেইলি টপ আলাপ ৯ জুলাই ২০২৬ , ৮:৩৩ পিএম প্রিন্ট সংস্করণঃ
দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করতে বৃহত্তর বগুড়ায় মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে সরকার দ্রুতগতিতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ‘ফাস্ট ট্র্যাক’ পদ্ধতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, আগামী ১০ বছরে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রায় ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনী আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভর এবং যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন সংযোজনের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে উন্নত ড্রোন প্রযুক্তি, সেন্সর, ইলেকট্রনিকস এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও সহযোগিতার মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পও নতুন উচ্চতায় পৌঁছাবে।
ডিটিএ / নিউজ ডেস্ক











