আটক

তিন লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১০ অগাস্ট ২০২৬ , ৩:৪৭ পিএম প্রিন্ট সংস্করণঃ

কক্সবাজারের উখিয়ায় তিন লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ থানার কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়। সকাল ৫টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের।

পরে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের ৩৫ কার্টনে তিন লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক