শিক্ষা

এসএসসি ২০২৬-এ ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২ শতাংশ

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১১ অগাস্ট ২০২৬ , ৮:৪২ এএম প্রিন্ট সংস্করণঃ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ক্যাডেট কলেজগুলো থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে ক্যাডেট কলেজগুলোর পাসের হার দাঁড়িয়েছে শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের চৌকস, সুশৃঙ্খল, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্যাডেটদের দক্ষ ও যোগ্য করে তুলতে ক্যাডেট কলেজগুলোতে নিয়মিতভাবে যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত করা হচ্ছে।

ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের সু-শৃঙ্খল অভ্যন্তরীণ পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি এবং ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আন্তরিক প্রচেষ্টা।

এছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজগুলোর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতাও এই অসাধারণ ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এসএসসি ২০২৬-এর এই ফলাফল ক্যাডেট কলেজগুলোর শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থার ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক