ডেইলি টপ আলাপ নিউজ ১৮ জুন ২০২৬ , ১০:২০ পিএমপ্রিন্ট সংস্করণঃ
দেশে আবারও রিখটার স্কেলে ৪ দশমিক ৪ ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এটি তুলনামূলকভাবে মৃদু মাত্রার ভূমিকম্প।
আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের মণিপুর এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ঢাকার সঙ্গে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এ কারণে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি সীমান্তবর্তী কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হঠাৎ কম্পনে কিছু এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।
এর আগে, গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছিল, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি।