শিক্ষা

যবিপ্রবিতে তিন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১৫ অগাস্ট ২০২৬ , ৫:৩৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি জ্ঞান ও গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবির সঙ্গে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (পিএসডিআরআই), জাগরণী চক্র ফাউন্ডেশন এবং যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সেন্ড এ লিটল হোপের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিতে যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, পিএসডিআরআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সেন্ড এ লিটল হোপ, ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর করেন।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘এই চুক্তির ফলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, সঠিক প্রযুক্তি জ্ঞান ও গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এই উদ্যোগ তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে শিক্ষার্থীদের সরাসরি কর্মসংস্থানের পথ তৈরি করবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, পিএসডিআরআইয়ের আতিকুজ জামান চৌধুরী ও অমিতাভ চক্রবর্তী, জাগরণী চক্র ফাউন্ডেশনের কাজী মাজেদ নওয়াজ এবং সেন্ড এ লিটল হোপ, ইউকের সিইও মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক