ডেইলি টপ আলাপ ডেস্ক ১৫ অগাস্ট ২০২৬ , ৪:০৫ পিএম প্রিন্ট সংস্করণঃ
১৮ বছরের জঞ্জাল পাঁচ মাসে তো নয়ই, ১৮ মাসেও পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের সংকট সমাধানে সরকারকে সময় দিতে হবে। সরকার এক মুহূর্তের জন্যও বসে নেই। দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজ চলছে। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, গত ১৮ বছরে রাজনৈতিক কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাদের আবারও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা যাচাই-বাছাইয়ে টিকে যাবেন এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, অনেক প্রকৃত জুলাই যোদ্ধা আন্দোলনে অংশ নিয়েও গেজেটভুক্ত হননি। তাদের গেজেটভুক্তির প্রক্রিয়া আবারও উন্মুক্ত করা হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধারা নতুন করে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে তাদের গেজেটভুক্ত করার ব্যবস্থা করা হবে।
এছাড়া গত ১৮ বছরে হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের মূল্যায়নের জন্য নতুন একটি অধিদফতর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, লবিং, গ্রুপিং ও দলাদলি ভুলে যেতে হবে। মতভেদ হলে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে।
সভায় সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শিরীন সুলতানা, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











