জাতীয়

সেমিকন্ডাক্টর শিল্পে বড় বিনিয়োগের প্রস্তুতি, নতুন কর্মসংস্থানের আশা প্রধানমন্ত্রীর

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৫ জুলাই ২০২৬ , ৩:৩০ পিএম প্রিন্ট সংস্করণঃ

প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কর-শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

সেমিকন্ডাক্টর শিল্পকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সামিটে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি, কর ও শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর শিল্পের গুরুত্ব দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও মেধাবী জনশক্তিকে কাজে লাগিয়ে সেমিকন্ডাক্টরসহ উদীয়মান প্রযুক্তি খাতে সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে উচ্চমূল্যের কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সের মতো উদীয়মান প্রযুক্তি খাত বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব খাতে গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী ‘BEAR Summit 2026’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরে তিনি সামিটে স্থাপিত সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স প্রযুক্তির বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক