জাতীয়

তিস্তা ব্যবস্থাপনায় চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, সহযোগিতার আশ্বাস পানি সম্পদমন্ত্রীর

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৫ জুন ২০২৬ , ১:২৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

বেইজিং, ২৫ জুন ২০২৬: বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পসহ নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সম্পদ উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে চীন সরকারের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।

বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নদীভাঙন রোধ, আধুনিক সেচ ব্যবস্থা উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সক্ষমতা বৃদ্ধিতেও চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক, ফলপ্রসূ ও গবেষণানির্ভর।

লি গুয়িং বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে তিস্তা ব্যবস্থাপনা, নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সম্পদ উন্নয়নে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক