ডেইলি টপ আলাপ নিউজ ১০ জুন ২০২৬ , ৫:৫৮ পিএম প্রিন্ট সংস্করণঃ
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে গত মে মাসে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে শতাধিক পাচারকারীসহ মোট ৬৭৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, মে মাসজুড়ে পরিচালিত অভিযানে ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১ হাজার ৪১৯টি শাড়ি, ৯ হাজার ৩৬৮টি তৈরি পোশাক, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, প্রায় ৪০ লাখ আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা পাতা, ৬৫ হাজার ৭০০ পিস ব্লেড, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লাসহ বিপুল পরিমাণ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৪০৫টি মোবাইল ফোন, ২ হাজার ৯৪০টি মোবাইল ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮টি মোবাইল যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১টি ইলেকট্রনিক সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, চিনি, জিরা, রসুন, সার ও কীটনাশক উদ্ধার করা হয়।
অভিযানে ৭৪৫টি গরু-মহিষ, ২টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ১১টি পিকআপ, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ৪টি প্রাইভেটকার বা বাস, ৪০টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গত মাসে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রাইফেল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, একটি রকেট লঞ্চার এবং দুটি অন্যান্য অস্ত্র।
মাদকবিরোধী অভিযানে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২টি ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা এবং ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক ও চোরাচালান সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।











