আবহাওয়া

  ডেইলি টপ আলাপ ১৭ জুলাই ২০২৬ , ৯:২৮ এএম প্রিন্ট সংস্করণঃ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সক্রিয় মৌসুমি আবহাওয়ার প্রভাবে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, এই বৃষ্টিপাত আরও অন্তত ২ থেকে ৩ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এছাড়া বৃষ্টির এই প্রবণতা চট্টগ্রাম জেলার উত্তরাংশ এবং খাগড়াছড়ি জেলার বেশ কয়েকটি এলাকায়ও বিস্তার লাভ করতে পারে। ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা, সড়কে যান চলাচলে বিঘ্ন এবং জনভোগান্তির আশঙ্কা রয়েছে।

এদিকে আজ সারাদিন খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি আরও দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া বিশ্লেষকদের ধারণা, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে একই এলাকায় অবস্থান করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানান, হঠাৎ ভারী বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়ার কারণে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক