জাতীয়

সামরিক বাহিনীর আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার মহা পরিকল্পনা,সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা

  ডেইলি টপ আলাপ ৯ জুলাই ২০২৬ , ৮:৩৬ পিএম প্রিন্ট সংস্করণঃ

দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা আরও সুসংহত করতে আগামী ১০ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকার (প্রায় ৭ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার) পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত দুটি পৃথক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী জানান, পরিকল্পনার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) এবং সাবমেরিন সংযোজনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট (MRCA), অ্যাটাক হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় প্রতিরক্ষা শিল্পনীতি প্রণয়ন, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন (DIZ) প্রতিষ্ঠা এবং প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer-TOT) কার্যক্রমের মাধ্যমে সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বাড়ানো হবে।

সরকারের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন আরও ত্বরান্বিত হবে, দেশীয় প্রতিরক্ষা শিল্প বিকশিত হবে এবং জাতীয় নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতা আরও সুদৃঢ় হবে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক