ডেইলি টপ আলাপ ১৫ জুলাই ২০২৬ , ২:৪১ পিএম প্রিন্ট সংস্করণঃ
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা দ্বিতীয় শ্রেণির কৃতি শিক্ষার্থী সামিনা নূর তাজ-কে সংবর্ধনা দিয়েছেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
Hippo International English Olympiad-2026-এ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিরল এই কৃতিত্ব অর্জন করায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সামিনা নূর তাজের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “সামিনা নূর তাজ শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশ ও গাজীপুর জেলার গর্ব। তার এই অসাধারণ সাফল্য দেশের লাখো শিশুকে স্বপ্ন দেখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে। সরকার মেধাবী শিক্ষার্থীদের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করেই সামিনা নূর তাজ আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বসবাসকারী এই ক্ষুদে শিক্ষার্থী প্রথমে ঢাকার আঞ্চলিক বাছাইপর্বে উত্তীর্ণ হয়। পরে জাতীয় পর্বে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। থাইল্যান্ডে অনুষ্ঠিত Hippo International English Olympiad 2026-এর এশিয়া পর্বে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনে।
জানা যায়, সামিনা নূর তাজ গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে RDM English School-এও প্রশিক্ষণ নিয়েছে, যা তার আন্তর্জাতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সামিনার এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
উল্লেখ্য, Hippo International English Olympiad বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ইংরেজি ভাষা প্রতিযোগিতা। বিশ্বের বহু দেশের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এশিয়া পর্বে প্রথম হওয়ার মাধ্যমে সামিনা নূর তাজ এখন ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্ব (Universal) ফাইনাল-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তার এই সাফল্যে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দেশবাসী তার আগামী প্রতিযোগিতার জন্য শুভকামনা জানিয়েছেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











