সারাদেশ

মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধ ৫ করাতকল উচ্ছেদ, এক মালিককে জরিমানা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২১ জুলাই ২০২৬ , ৮:৫৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় পরিচালিত অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন পাঁচটি করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে এক মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মধুপুর রেঞ্জের মহিষমারা বিটের আওতাধীন কুড়ালিয়া বাজার ও কেউটাই এলাকায় দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাতকল পরিচালিত হয়ে আসছিল। অভিযানে লাউফোলা এলাকার পিন্টুর দুটি এবং কেউটাই এলাকার দুটি করাতকলসহ মোট পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া আরও একটি করাতকলের মালিক লিটনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে করাতকলের ইঞ্জিন, চেইন, হুইল, প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং পুলিশের সদস্যরা।

সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান বলেন, “বনাঞ্চল রক্ষা এবং অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা করতে দেওয়া হবে না।”

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক