রাজনীতি

বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী: ‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, টেন্ডারবাজ ব্যবসায়ী হব না’

  ডেইলি টপ আলাপ ১৪ জুলাই ২০২৬ , ১০:৪০ পিএম প্রিন্ট সংস্করণঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।”

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে, তাদের বুট দিয়ে লাথি মারা হয়েছে এবং কলার চেপে ধরা হয়েছে। তিনি বলেন, “এই শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন যদি বলে— আমরা বিএনপিকে চাই না, তখন আপনারা কী করবেন?”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা করবেন না। এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পেও না।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেননি। বগুড়া ও ফেনীর মতো জেলার অনেক মেধাবী তরুণ শুধুমাত্র নিজ জেলার পরিচয়ের কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল আমাদের অবাঞ্ছিত বলা হয়েছে। অথচ এই অবাঞ্ছিতদের আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এখন তারাই আমাদের অবাঞ্ছিত বলছে। ভাগ্যের কী নির্মম পরিহাস।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী এবং জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদসহ দলের স্থানীয় নেতারা।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক