Daly Top Alap ১৯ জুন ২০২৬ , ৮:৫৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক-জনতার আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন মুজিবুর রহমান। তিনি বলেন, সরকার জনগণের রায়কে সম্মান না করলে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে।
শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শাহাজাহান, আতিকুর রহমান এবং নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটকে আরও জনবান্ধব ও শ্রমিকবান্ধব করা প্রয়োজন। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, মাওলানা মুহাম্মদ শাহাজাহান শ্রমিক সমাজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আদর্শিক আন্দোলনে সংখ্যার চেয়ে যোগ্য ও মানসম্পন্ন কর্মী গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।
সম্মেলনে আতিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তিনি অভিযোগ করেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত গুরুত্ব পায়নি।
তিনি জানান, বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হলেও চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় ২৮ থেকে ৩০ হাজার টাকার কম নয়। শ্রমিকদের ন্যায্য জীবনযাপন নিশ্চিত করতে মজুরি কাঠামো পুনর্বিবেচনার দাবি জানান তিনি। পাশাপাশি শ্রমিক কল্যাণ ও জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দের আহ্বান জানান।
ডিটিএ/ নিউজ ডেস্ক











