রাজনীতি

রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: গণভোট বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরে না যাওয়ার ঘোষণা ডা. শফিকুরের

  ডেইলি টপ আলাপ ১১ জুলাই ২০২৬ , ১০:৪০ পিএম প্রিন্ট সংস্করণঃ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের চার দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে তাদের অবস্থান একচুলও নড়বে না।

তিনি বলেন, “গণভোট বাস্তবায়নের দাবি থেকে আমাদের সরিয়ে দিতে নানা ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জাতিকে কথা দিয়েছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। জাতির সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে দাঁড়িয়ে আবারও সেই অঙ্গীকার করছি। ইনশাআল্লাহ বর্তমান সরকারকে গণভোট বাস্তবায়নে বাধ্য করা হবে।”

বিগত নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “সব দুর্নীতিবাজ এক হয়ে নির্বাচন প্রকৌশলের মাধ্যমে আমাদের হারিয়ে দিয়েছে।” তিনি আরও বলেন, “ঘুঘু তুমি ধান খাও বারবার, ধরা পড়বা একবার। আগামী দিনে জনগণ আর সেই সুযোগ দেবে না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ১১ দল সরকার গঠন করবে।”

তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি, কৃষকদের দুর্দশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংস্কারের অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ছাড়া উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জন সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সমালোচনা করে দাবি করেন, ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছেন। আমরা অপেক্ষা করছি।” তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের অবস্থান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন এবং এ ধরনের কর্মকাণ্ড দেশের জনগণ মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সমাবেশে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, এসব দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক