সারাদেশ

টানা বর্ষণে কক্সবাজার ও রোহিঙ্গা শিবিরে দুর্যোগ: প্রাণহানি ১০, জরুরি সহায়তায় অ্যাকশনএইড বাংলাদেশ

  ডেইলি টপ আলাপ ৮ জুলাই ২০২৬ , ৩:৪৯ পিএম প্রিন্ট সংস্করণঃ

গত তিন দিনের টানা মৌসুমি ভারী বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ ভূমিধস, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ দুর্যোগে নারী ও শিশুসহ অন্তত ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ

সংস্থাটি জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের জরুরি সাড়া প্রদানকারী দল ও স্বেচ্ছাসেবকেরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, বন্ধ হয়ে যাওয়া ড্রেন ও প্রাকৃতিক খাল পরিষ্কার, জীবনরক্ষাকারী আগাম সতর্কবার্তা ও নিরাপত্তাবিষয়ক বার্তা প্রচার, মানবিক সহায়তাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানসিক প্রাথমিক সহায়তা (Psychological First Aid–PFA) প্রদান করা হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার, সরকারি নির্দেশনা অনুসরণ করার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অ্যাকশনএইড বাংলাদেশ জানিয়েছে, সংকট মোকাবিলায় তারা স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক