সারাদেশ

টাঙ্গাইলে ছাগলের বাচ্চা উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকে শিশুসহ ৪ জনের মৃত্যু

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২০ জুন ২০২৬ , ১২:৫৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছাগলের বাচ্চা উদ্ধার করতে গিয়ে শিশুসহ একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। নিহতদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। অপর দুইজন তাদের আত্মীয় বলে জানা গেছে।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লাভলু তরফদার জানান, সকালে টেলকি গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে এক শিশু ট্যাংকের ভেতরে নামে। কিন্তু সেখানে অক্সিজেনের ঘাটতির কারণে শিশুটি মারা যায়।

পরে শিশুটিকে উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা একে একে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু একই কারণে তারাও আর বের হয়ে আসতে পারেননি। একে একে প্রাণ হারান আরও তিনজন।

তিনি জানান, সেপটিক ট্যাংকটি আনুমানিক ৯ থেকে ১০ ফুট গভীর ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছোট্ট একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল চারটি প্রাণ। এ ঘটনায় টেলকি গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ডিটিএ/ নিউজ ডেস্ক