ডেইলি টপ আলাপ ৬ জুলাই ২০২৬ , ৮:২৭ পিএম প্রিন্ট সংস্করণঃ
টাঙ্গাইলের গোড়াই-মির্জাপুর এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গাজীপুর ও টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোড়াই-মির্জাপুর এলাকায় গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের অংশ হিসেবে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ কারণে জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত এলাকার শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











