ডেইলি টপ আলাপ ডেস্ক ২২ জুন ২০২৬ , ১:০৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন, চেক প্রদান এবং বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বরাদ্দকৃত টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির বিপরীতে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক প্রদান করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় উপজেলার ৩১টি মসজিদের জন্য বরাদ্দপত্র বিতরণ করা হয়।
এছাড়া কালিয়াকৈর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে কালিয়াকৈর পৌরসভার অর্থায়নে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ও সাপের বিষের প্রতিষেধক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র জনাব মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.এইচ.এম. ফখরুল হোসাইন।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসব কার্যক্রম স্থানীয় জনগণের উপকারে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











