জাতীয়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

  ডেইলি টপ আলাপ ৫ জুলাই ২০২৬ , ৫:৪৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশে নিযুক্ত ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই শোকের সময়ে বাংলাদেশের জনগণ ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের পাশে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ এবং কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা শুধু ওই অঞ্চলের নয়, বরং বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। দুই দেশই বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক