জাতীয়

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  ডেইলি টপ আলাপ ৫ জুলাই ২০২৬ , ১০:০৯ এএম প্রিন্ট সংস্করণঃ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস দেশের গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশের মাধ্যমে দিবসটির গুরুত্ব দেশের সর্বস্তরের মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই পল্লী গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক