সংবাদ সম্মেলন

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা জোরদারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৫ জুন ২০২৬ , ৬:৪০ পিএম প্রিন্ট সংস্করণঃ

আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

সভায় আসন্ন রথযাত্রাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং উৎসব উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত, চাহিদা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এ ক্ষেত্রে প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের প্রতিনিধিরা, কাশিমপুর কালী মন্দির ও শ্রী শ্রী জয়কালী মন্দিরের নেতৃবৃন্দ, ইস্কন গাজীপুরের সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মীয় নেতারা।

এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবকে ঘিরে গাজীপুর মহানগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে।

 

ডিটিএ / নিউজ ডেস্ক