কৃষি-সংবাদ

মানিকগঞ্জে চিনা বাদামের রেকর্ড আবাদ, উৎপাদনে আশার আলো

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৩ জুন ২০২৬ , ২:১৮ পিএম প্রিন্ট সংস্করণঃ

মানিকগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ ৩ হাজার ৬৪২ হেক্টর জমিতে চিনা বাদামের আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উন্নত বীজ ব্যবহার এবং সময়মতো অনুকূল বৃষ্টিপাতের কারণে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলার শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার চরাঞ্চলে এবার ব্যাপকভাবে বাদামের চাষ হয়েছে। আলোকদিয়া, চর মধ্যনগর, বোষ্টমী, জাফরগঞ্জের চর, ত্রিশুন্ডি, বাঘুটিয়া, চর কাটারী, লেছড়াগঞ্জ ও সুতালড়িসহ বিভিন্ন এলাকায় এখন বাদাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা।

কৃষকদের মতে, এ বছর রোগবালাই কম হওয়া এবং অনুকূল আবহাওয়ার কারণে ফলন তুলনামূলকভাবে অনেক ভালো হয়েছে। পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় তারা সন্তুষ্ট।

চাষি মজিবর রহমান বলেন, কয়েক বছরের মধ্যে এবার বাদামের ফলন সবচেয়ে ভালো হয়েছে এবং দামও সন্তোষজনক। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ফলেই উৎপাদন বেড়েছে বলে তিনি মনে করেন।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহজাহান সিরাজ জানান, এ বছর জেলায় ৩ হাজার ৬৪২ হেক্টর জমিতে চিনা বাদাম আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফলন ভালো হওয়ায় আগামীতে কৃষকদের মধ্যে বাদাম চাষের আগ্রহ আরও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক