ডেইলি টপ আলাপ ডেস্ক ২৩ জুন ২০২৬ , ৩:৪৩ পিএম প্রিন্ট সংস্করণঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যৌথবাহিনীর টহল অব্যাহত থাকার পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনাবাহিনীকে মাঠে মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। সেনাবাহিনীর ছয়টি ইউনিট গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কোনো অপশক্তিকে এ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুরো নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি জানান, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে এবং অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি, টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিটিএ / নিউজ ডেস্ক











