শিক্ষা

‘শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ’

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১৪ অগাস্ট ২০২৬ , ৬:৩০ পিএম প্রিন্ট সংস্করণঃ

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টা ‍গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার এইচএসসি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ পরিদর্শনের পর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরীক্ষার নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধের নির্দেশনা দেন।

উপাচার্য বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা এবং নিয়মিত পড়ার টেবিলে বসার অভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক