সংবাদ সম্মেলন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গাজীপুরে সুধী সমাবেশে কঠোর বার্তা

  ডেইলি টপ আলাপ ২০ জুলাই ২০২৬ , ৩:০২ পিএম প্রিন্ট সংস্করণঃ

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা এলাকার সুধীবৃন্দের উদ্যোগে আজ সোমবার (২০ জুলাই ২০২৬) এক মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ, তরুণ সমাজকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদক একটি জাতীয় সমস্যা, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। তিনি বলেন, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার। তিনি মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগই পারে ইতিবাচক পরিবর্তন আনতে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। বক্তারা সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক