জাতীয়

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

  ডেইলি টপ আলাপ ১৬ জুলাই ২০২৬ , ৯:৩২ এএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও বন্দর খাতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সৌদি বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনাল (RSGT)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।

বাংলাদেশের পক্ষে নৌপরিবহন, সড়ক পরিবহন ও যোগাযোগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন নীতি সংস্কার ও উদ্যোগের কথাও তুলে ধরেন।

জবাবে সৌদি ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন অবকাঠামো ও যোগাযোগ প্রকল্পে সৌদি বিনিয়োগের আগ্রহের কথা জানান।

বৈঠকে জানানো হয়, সৌদি আরবের Red Sea Gateway Terminal Company Limited (RSGT) ২০২৪ সালের জুন থেকে চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বাণিজ্যিকভাবে পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড অপারেশন উন্নয়নে ইতোমধ্যে প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

এছাড়া ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে সরকারের অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দর ও অবকাঠামো প্রকল্পেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে RSGT। এ লক্ষ্যে তারা একটি বিস্তারিত কর্মপরিকল্পনাও সরকারের কাছে উপস্থাপন করেছে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই এক বিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বন্দর সক্ষমতা, যোগাযোগ অবকাঠামো এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন গতি সৃষ্টি হবে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক