ডেইলি টপ আলাপ ৮ জুলাই ২০২৬ , ৭:০১ এএম প্রিন্ট সংস্করণঃ
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ.ই. অজিত সিং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ ও কানাডার মধ্যকার প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বিমান চলাচল (এভিয়েশন) খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি বিনিময় এবং সামগ্রিক নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে এগিয়ে নিতে এবং দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় হাইকমিশনার অজিত সিং বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। কানাডা আঞ্চলিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











