তথ্য ও প্রযুক্তি

উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে স্মারক ডাকটিকিট প্রকাশ

  ডেইলি টপ আলাপ ৬ জুলাই ২০২৬ , ৮:৫৬ পিএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আনুষ্ঠানিকভাবে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহরের প্রকাশনা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার এক অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের গৌরবময় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সহজ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নরসিংদীর উয়ারী-বটেশ্বরকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন নগর সভ্যতার নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এখান থেকে প্রাচীন দুর্গনগর, মুদ্রা, অলংকার, মৃৎপাত্রসহ বহু গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কৃত হয়েছে। নতুন এই স্মারক প্রকাশনার মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাটির গুরুত্ব দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক