জাতীয়

ইরানের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পিকার; শান্তি প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩ জুলাই ২০২৬ , ৪:০৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

ঢাকা/তেহরান, ৩ জুলাই: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ থেকে সফররত প্রতিনিধি দলকে স্বাগত জানান স্পিকার গালিবাফ।

বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনায় নিন্দা জানান। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

বৈঠকে তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের স্পিকার আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান সব বিরোধের টেকসই সমাধানের আহ্বান জানান।

বৈঠকের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গতকাল তেহরানে পৌঁছান বাংলাদেশের স্পিকার। বিমানবন্দরে তাকে এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই উষ্ণ অভ্যর্থনা জানান।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক